মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

মাছের ঘের থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

মারুফ চৌধুরী পমিন, খুলনা সিটি

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকায় মাছের ঘেরের পানির মধ্য থেকে মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মমিনবাগ বিলের ভেতর একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাপ্পি। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।