কোতয়ালী থানার বিশেষ অভিযানে কিশোর, মাদক কারবারি ও অনলাইন জুয়ায় জড়িতসহ ৩৫ জন আটক

মোহাম্মদ মামুন কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর, মাদক কারবারি, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, নাপ্পিঘাটা, মসজিদ মার্কেট, শান্তিনগর, পৌরসভা এলাকা, নিউ মার্কেট ও শহীদ মিনার এলাকায় বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৫ জনকে আটক করা হয়।
আটক ৩৫ জনের মধ্যে ২১ জন কিশোর এবং ১৪ জন অনলাইন জুয়া, মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
আটক ২১ কিশোরের মধ্যে পিতা-মাতা ও আত্মীয়-স্বজন তাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ১৯ জন কিশোরের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে তাদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় জিডি নং-১৫৫৮, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. করা হয়েছে।
অন্যদিকে, মাদক কারবার ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


