সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

টুটপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, কিশোরসহ গ্রেপ্তার ৮

ফাহিম ইসলাম ,খুলনা জেলা প্রতিনিধি: 
খুলনা নগরীর টুটপাড়া এলাকায় ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়িতে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় কিশোরসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোড এলাকায় মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে ঘটনায় কেউ আহত হননি।

এ ঘটনায় মঞ্জুরুল আলম বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর খুলনা সদর থানায় সন্ত্রাস দমন আইনে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মামলার পর শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত লবণচরা থানার হরিণটানা রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—রাজ, ফাহিম খান, আরাফাত ইসলাম নাহিদ, ইয়ামিন শেখ, সুজন ইসলাম, মহারাজ মোল্লা, মোহাম্মদ আলী ও মো. শুভ ইসলাম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আটজনের মধ্যে মোহাম্মদ আলী ও শুভ ইসলাম প্রাপ্তবয়স্ক। তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর ছয়জন কিশোর হওয়ায় শিশু আদালতের নির্দেশে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।