শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

খুলনায় মাদকসহ বিভিন্ন অপরাধ ও পরোয়ানায় গ্রেপ্তার ১৪ জন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধ ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খুলনা সদর থানায় গ্রেপ্তার ৮ জন

খুলনা সদর থানা পুলিশ ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত মুসলমানপাড়া ক্রস রোড, ৪ নম্বর ফুডঘাট ও টুটপাড়া মেইন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় রাতে ধর্তব্য অপরাধ করার উদ্দেশ্যে ঘোরাফেরার অভিযোগে মো. হাফিজুর রহমান (৩৫), মো. আশিক (২৫), ওহিদুল ইসলাম (২৫), মো. রাসেল শেখ (২৫), মো. রবিউল ইসলাম (১৯) ও মো. রাহাত (১৯)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাত ১২টা ২০ মিনিটে মুসলমানপাড়া ক্রস রোড এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল আজম ওরফে সুজন হাওলাদার (৩৭)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি খুলনা সদর থানার একটি মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন।

অন্যদিকে, একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে রূপসা স্ট্যান্ড রোডের কোকাকোলা অফিসের সামনে থেকে কামরুল চৌধুরী (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খালিশপুর থানায় ৩ জন

খালিশপুর থানা পুলিশ পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে। রাত ১২টা ১০ মিনিটে গোয়ালপাড়া এলাকা থেকে আদালতের আদেশের ভিত্তিতে ফারুক খলিফাকে গ্রেপ্তার করা হয়।

রাত ১২টা ২০ মিনিটে একই এলাকা থেকে চুরি ও চোরাই মাল রাখার মামলার আসামি মো. জোবায়ের মোল্লা (১৯)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাত ২টা ৩০ মিনিটে পিপলস জুট মিল এলাকা থেকে ২০১৭ সালের একটি মামলার আসামি ইউসুফ আলী শিকদার ওরফে কালা ইউসুফ (৫৪)কে গ্রেপ্তার করে পুলিশ।

খানজাহান আলী থানায় গ্রেপ্তার ১

খানজাহান আলী থানা পুলিশ দুপুর ১২টা ১০ মিনিটে ফুলবাড়ি গেট এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আব্দুল্লাহ ওরফে আব্দুল্যাহ (২০)কে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানায় গ্রেপ্তার ২

দৌলতপুর থানা পুলিশ সন্ধ্যা ৮টার দিকে পৃথক দুটি মামলার আসামি মো. কামরান শেখ এবং সোহাগ ফারাজী (২৭)কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান ছিল। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে এবং মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।