বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের সন্দেহে এক কিশোরকে আটক করা হলেও পরে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. হীরা মিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক কারবারের অভিযোগে মো. জয়নাল মিয়া (৪০), মো. শাহিন (৪৬) ও শফিকুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মাদক সেবনের অভিযোগে মো. সেকুল ইসলাম (৪৫) ও মিতুল বড়ুয়া (২৩)কে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া মাদক সেবনের সন্দেহে মো. মেজবাউদ্দিন রহুল (১৮) নামে এক কিশোরকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক কিশোরের বাবা-মা তাকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। আর আটক কিশোরকে পরিবারের কাছে জিম্মায় দেওয়া হয়েছে।