বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ঢাকা

শিক্ষা

ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ সভাপতিত্বে, সেক্রেটারি হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ এর সঞ্চালনায় ১২ আগস্ট ২০২৬ বুধবার অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী।

প্রশিক্ষণ প্রদান করেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী মাওলানা আহমদুল হক ও ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন  মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান ক্বারী মাওলানা ইসহাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ নেছারুল হক ও হাফেজ মাওলানা আমানত উল্লাহ। এছাড়া ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এদেশের মানুষ কুরআনকে ভালোবাসে। সম্মান অর্জনে ৭০ বছর লাগলেও তা হারাতে এক মিনিটই যথেষ্ট। তিনি ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য কুরআনভিত্তিক সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সংগঠনের সংবিধান মেনে কার্যক্রম পরিচালনা এবং হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংগঠনের সঙ্গে উপদেষ্টা হিসেবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

কর্মশালায় দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতার বিকাশ এবং দ্বীনি খেদমতকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।