যে কারণে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত, ডাল ও আলু ভর্তা বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। ওই সময় মিজান তাদের ওপর চড়াও হন। বাগ্বিতণ্ডার সময় মিজান সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয়।
‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
যেভাবে আলোচনায় আসেন ‘ভাইরাল মিজান’
আগারগাঁওয়ের ফুটপাতে ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত ও ডাল খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছিলেন মিজানুর রহমান। ‘নিজের হাতে লইয়া খাইবেন, ১৪ বার নিয়ে খাইবেন’ নামের এই ভাসমান দোকানটি সংক্ষেপ ও কৌতূহলবশত ‘গরিবের বুফে’ নামে ছড়িয়ে পড়ে। আর ব্যতিক্রমী এ পরিবেশনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হলে রাতারাতি ‘ভাইরাল মিজান’ খেতাব পান তিনি।


