পেকুয়া থেকে রাজমিস্ত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার (পিতা: মো. রশিদ) নামে এক রাজমিস্ত্রী নিখোঁজ হয়েছেন। রবিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ ব্যক্তির স্বজন আহসান হাবিব জানান, দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা কল করে প্রথমে ১০ হাজার টাকা দাবি করে। পরিবারের সদস্যরা তার নিরাপত্তার কথা বিবেচনা করে দাবিকৃত টাকা পাঠান। পরে একই ব্যক্তিরা আরও ১ হাজার টাকা দাবি করে। এর প্রায় পাঁচ মিনিট পর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, টাকা নেওয়ার জন্য ০১৬০৬৯০৭৮৩০ নম্বরটি ব্যবহার করা হয়েছে। নিখোঁজ দেলোয়ারের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬২০৭২২৭৬৪। প্রাথমিকভাবে মোবাইল ফোনের অবস্থান চট্টগ্রামের পটিয়া এলাকায় শনাক্ত হয়েছে বলেও স্বজনরা জানিয়েছেন।
এ ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। দেলোয়ারের স্ত্রী, সন্তান ও স্বজনরা তার নিরাপদে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে তাকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ মো. দেলোয়ারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


