সোমবার, ৩ আগস্ট ২০২৬, ঢাকা

অর্থনীতি

শিল্পকারখানা চালু রেখে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, এস আলম গ্রুপের শিল্পকারখানা বন্ধ করে দেওয়া কোনোভাবেই সমাধান হতে পারে না। প্রয়োজনে রাষ্ট্রের তত্ত্বাবধানে কারখানাগুলো পরিচালনা করে উৎপাদন সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই শ্রমিক ছাঁটাই গ্রহণযোগ্য নয়।

তিনি আজ বিকেল ৪টায় চট্টগ্রামের জামালখানস্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ও তাদের পরিবার। হাজার হাজার শ্রমিককে বেকার করে শিল্প সংকটের সমাধান করা যায় না। শিল্পপ্রতিষ্ঠান সচল রেখে শ্রমিকদের বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, এস আলম গ্রুপকে ঘিরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার পেছনে যাদের অবহেলা, অনিয়ম বা যোগসাজস রয়েছে, তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিল্প ও শ্রমিকস্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।