সোমবার, ৩ আগস্ট ২০২৬, ঢাকা

অর্থনীতি

এস আলমের শিল্পকারখানা চালু রেখে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে : নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী বৈঠকে এস আলম গ্রুপ কর্তৃক তাদের মালিকানাধীন শিল্পকারখানা বন্ধ ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, এস আলম গ্রুপের শিল্পকারখানা বন্ধ করে দেওয়া কোনোভাবেই সমাধান হতে পারে না। শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ও তাদের পরিবার। হাজার হাজার শ্রমিককে বেকার করে শিল্প সংকটের সমাধান করা যায় না। শিল্পপ্রতিষ্ঠান সচল রেখে শ্রমিকদের বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

এই পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকে সরকারের কাছে নিম্নোক্ত প্রস্তাব পেশ করছে,
১. রাষ্ট্রের তত্ত্বাবধানে কারখানাগুলো পরিচালনা করে উৎপাদন সচল রাখতে হবে।
২. শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করতে হবে।
৩. কোনো অবস্থাতেই শ্রমিক ছাঁটাই করা যাবে না।
৪. এস আলম গ্রুপকে ঘিরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার পেছনে যাদের অবহেলা, অনিয়ম বা যোগসাজস রয়েছে, তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
৫. শিল্প ও শ্রমিকস্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আজ বিকেল ৪টায় চট্টগ্রামের জামালখানস্থ মহানগর কার্যালয়ে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক নুরুল আমিন ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।