পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৭ তম বিসিএস পুলিশ ব্যাচের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেড় যুগ আগে অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল ২৭তম বিসিএস পুলিশের এই ব্যাচ। আমি আশা করি ১৮ বছরের বঞ্চনা কাটিয়ে রাষ্ট্রের রূপান্তরে এই পুলিশ ব্যাচ চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় তিনি আরও বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হতে হবে পুলিশ কর্মকর্তাদের।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিসিএস ২৭তম পুলিশ ব্যাচের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। ১ম পর্যায়ে ৫৮ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির, পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।


