সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, প্রবাসী ছেলের বিরুদ্ধে থানায় মামলা

এবাদুল হোসেন-ভ্রাম্যমাণ প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওমানপ্রবাসী এক ছেলের বিরুদ্ধে নিজের বৃদ্ধ বাবাকে নির্মমভাবে মারধর করে একটি পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধ ও তাঁর স্ত্রী বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত পিকলু দত্ত। তাঁর পিতা অঞ্জন দত্ত এবং মাতা দেবী দত্ত। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পিকলু দত্ত তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, দেশে এলেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। একপর্যায়ে নিজের স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর সম্পত্তির ভাগাভাগির বিষয়কে কেন্দ্র করে নিয়মিত বৃদ্ধ মা-বাবার ওপর ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সর্বশেষ বিরোধের একপর্যায়ে পিকলু দত্ত তাঁর বাবা অঞ্জন দত্তকে বেধড়ক মারধর করেন। এতে তাঁর একটি পা ভেঙে যায়। বর্তমানে তিনি চলাফেরায় অক্ষম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয়দের দাবি, পিকলু দত্ত দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, মাদকের প্রভাবে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও সহিংস আচরণ করতেন।
এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানে স্থানীয়দের অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে পিকলু দত্তের মাদক সেবনের অভিযোগের পক্ষে একাধিক তথ্য ও সাক্ষ্য মিলেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অসহায় বৃদ্ধ দম্পতি জানান, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হলেও জীবন ও নিরাপত্তার শঙ্কায় শেষ পর্যন্ত তারা থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত পিকলু দত্তের বক্তব্য জানতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় বোয়ালখালীর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও পারিবারিক নির্যাতনের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি চরমে পৌঁছেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত পিকলু দত্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অসহায় বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, সম্পত্তি নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু কোনো অবস্থাতেই বৃদ্ধ মা-বাবার ওপর নির্যাতনের মতো ঘটনা গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক সেবনের অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি জানিয়েছেন।


