নির্বাচনী দায়িত্বে দক্ষতা বাড়াতে রাঙামাটিতে পুলিশের প্রশিক্ষণ।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটির ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম নির্বাচনী দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগানোর জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের সময় পেশাদারত্ব, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের এটি ৮১তম ভেন্যু। ১৬ সেপ্টেম্বর ১৮ এপিবিএন, রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. এনায়েত করিম।
এ সময় ১৮ এপিবিএনের এ্যাডজুটেন্ট (সহকারী পুলিশ সুপার) মো. মশিয়ার রহমান, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


