বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

ন্যায়ভিত্তিক ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে : এস এম লুৎফর রহমান

সমাজ পরিবর্তনে আদর্শিক কর্মী গড়ে তোলা, কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং অনাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দরকিল্লা ওয়ার্ড আয়োজিত বাছাইকৃত কর্মী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম।

এস এম লুৎফর রহমান বলেন, সমাজ পরিবর্তনের জন্য সৎ, যোগ্য, দক্ষ, কর্মঠ ও আদর্শিক কর্মী প্রয়োজন। কেবল বক্তৃতা বা স্লোগানের মাধ্যমে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। আদর্শিক কর্মীদের নিজেদের আমল-আখলাক, জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা উন্নত করার পাশাপাশি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কুরআন-সুন্নাহর ভিত্তিতে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যে সমাজে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষসহ সব শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হবে এবং কোনো মানুষ অন্যায় বৈষম্য, নির্যাতন ও শোষণের শিকার হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, অনাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করা আদর্শিক কর্মীদের দায়িত্ব। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে। সংগঠনের কর্মীদের ঐক্য, শৃঙ্খলা, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে শ্রমিক সমাজকে সংগঠিত করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন থানা সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মুরাদ, জাহিদুল ইসলাম তুহিন, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, মুহাম্মদ ইউনুস ও তাজুল ইসলাম সুমন প্রমুখ।