কাপ্তাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি: প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের স্মৃতি স্মরণ

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রোজ রবিবার।রাঙামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের স্মৃতি স্মরণ করেছেন প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
রোববার (১০ আগস্ট) কাপ্তাই উপজেলা পরিষদের সামনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটি করে গাছ রোপণ করেন। এ সময় তাঁরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা করা প্রয়োজন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও সরকারের অতিরিক্ত সচিব সুমন বড়ুয়া, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব পিপিএম, কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মোবারক হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কমান্ডার ফরহাদ খান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ সংশ্লিষ্টরা।
এ সময় কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেন এবং উপস্থিতদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোপণ করা গাছটি ভবিষ্যতে সবুজায়নের পাশাপাশি এই কর্মসূচির স্মৃতি বহন করবে বলে সংশ্লিষ্টরা জানান।
বৃক্ষরোপণ শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।


