কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ঝিল্লোলসহ গ্রেপ্তার ৫

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পূর্বের একটি মামলায় চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার (৪৭) এবং রিজার্ভ বাজার এলাকার মো. রায়হান (২৪)। পুলিশের দাবি, তাদের দাঙ্গা সংগঠনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া পূর্বের একটি মামলায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় কুমিল্লার দাউদকান্দির আবু সালেহ মোল্লা ইরফান (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে রাঙামাটি শহরের পাথরঘাটা এলাকার কামরুল হাসান বুলবুল (৩০)কে মাদক কারবারের অভিযোগে এবং এসপি অফিস এলাকার মো. সেকুল মিয়া (৪০)কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আবু সালেহ মোল্লা ইরফানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদেরও বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।


