বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ: সরেজমিনে মিলল সত্যতা

নজরুল ইসলাম বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের লিখিত অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত আবেদন দায়ের করেছেন স্থানীয় ‘প্রেননয় শিক্ষালয়’-এর পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে টানা দুই মেয়াদে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনকালে ক্রাতপুং ম্রো সরকারি বিভিন্ন বরাদ্দের অর্থ নানা কৌশলে আত্মসাৎ করে আসছেন। নথিপত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নাম উল্লেখ থাকলেও বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। দৃশ্যমান আয়ের সুনির্দিষ্ট কোনো উৎস না থাকলেও দুর্নীতির টাকায় তিনি আলীকদম সদর ইউনিয়নে কোটি টাকা মূল্যের জমি কিনে বহুতল ভবন নির্মাণ করেছেন বলেও এতে অভিযোগ করা হয়।

সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে রয়েছে, ২০২৫ সালে প্রেননয় শিক্ষালয়ের আবাসিক হোস্টেলের শৌচাগার নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দেওয়া সাড়ে চার লাখ টাকা সম্পূর্ণ কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে। এছাড়া একই বছরে ওই শিক্ষালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণের জন্য বরাদ্দকৃত সাড়ে চার লাখ টাকার মধ্যে চেয়ারম্যান নিজে ঠিকাদার সেজে মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকার নিম্নমানের সামগ্রী বিতরণ করেন এবং অবশিষ্টাংশ আত্মসাৎ করেন।

এ বিষয়ে জানতে কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শৌচাগার নির্মাণের যাবতীয় উপাদান হোস্টেলের সামনেই রয়েছে এবং রাজমিস্ত্রীর গাফিলতির কারণেই নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। তবে অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নি।

অন্যদিকে চেয়ারম্যানের দাবির প্রেক্ষিতে সংবাদকর্মীরা সরেজমিনে ঘটনাস্থলে অনুসন্ধানে গেলে তাঁর বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। সেখানে সামান্য কিছু নামমাত্র খুবই নিম্ন মানের কংক্রিট ছাড়া অন্য কোনো নির্মাণের উপকরণ কিংবা শৌচাগারের অস্তিত্ব দেখতে পাননি সাংবাদিকরা। এছাড়া অনুসন্ধানে শিক্ষার্থীদের নামমাত্র নিম্নমানের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের বিষয়ের সত্যতাও বেরিয়ে এসেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রেননয় শিক্ষালয় পরিচালনা কমিটির সদস্য কর্মপুক ম্রো, মারান ম্রো, ইয়াং রিং ম্রোসহ অন্যান্য সদস্যরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।