কাপ্তাইয়ে নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ ব্রিজের কাজ তিন বছরেও শেষ হয়নি

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাপ্তাই সড়কে নির্মাণাধীন একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের কাজ দীর্ঘ প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে। কয়েক দফা কাজ শুরু হলেও কিছুদিন পর আবার তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ ও উদ্বেগের মধ্যে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির নির্মাণকাজ শুরু হওয়ার পর কিছুদিন কাজ চললেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে নির্মাণকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার সামগ্রী,বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য নির্মাণসামগ্রী খোলা জায়গায় পড়ে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সরকারি অর্থে কেনা সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী বলছেন, ব্রিজটির বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুরোনো লোহার ব্রিজ দিয়ে কোনোভাবে যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে। নতুন ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ষাকালে ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে নির্মাণকাজ শুরু করার পর কেন তা দীর্ঘদিন বন্ধ রয়েছে? নির্মাণকাজ বন্ধ থাকার প্রকৃত কারণ কী এবং কবে নাগাদ ব্রিজটির কাজ শেষ হবে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা।
একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত সরকারি সম্পদ ও লোহার সামগ্রী দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় সেগুলো নষ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে পরিদর্শন করে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজটির নির্মাণ সম্পন্ন করবে। একই সঙ্গে দীর্ঘদিন পড়ে থাকা নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি সংরক্ষণ করে সরকারি সম্পদের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি—নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত ব্রিজটির নির্মাণকাজ শেষ করা হোক এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করুক।


