উত্তর নাইল্যাছড়িতে শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও নাস্তা বিতরণ

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাউখালী উপজেলার উত্তর নাইল্যাছড়ি ইমাম গাজ্জালী (রহ.) সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও নাস্তা বিতরণ করেছে উত্তর নাইল্যাছড়ি একতা বন্ধু সংগঠন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উদ্যোগে মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থীর হাতে পাঞ্জাবি তুলে দেওয়া হয় এবং পরে শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আরিফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন মনির, মোহাম্মদ আরাফাত এবং পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।
এ সময় উত্তর নাইল্যাছড়ি একতা বন্ধু সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক রিপাত, সদস্য মোহাম্মদ মনির সদস্য মোহাম্মদ আফছার ও সদস্য মোহাম্মদ মামুন হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদস্য মোহাম্মদ মামুন হোসাইন। তিনি বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের অন্যতম সামাজিক দায়িত্ব। আমরা চাই, এলাকার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা পায়। ভবিষ্যতেও উত্তর নাইল্যাছড়ি একতা বন্ধু সংগঠন শিক্ষার্থীদের শিক্ষা ও মানবিক কল্যাণে সাধ্য অনুযায়ী কাজ করে যাবে।”
তিনি সংগঠনের এ উদ্যোগে সহযোগিতা ও উপস্থিত থাকার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
মাদ্রাসার সুপার মাওলানা আরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের জন্য পাঞ্জাবি ও নাস্তা বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। উত্তর নাইল্যাছড়ি একতা বন্ধু সংগঠনকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি সালাউদ্দিন মনির বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে স্থানীয় একটি সংগঠনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।”
মাদ্রাসা পরিচালনা কমিটির মোহাম্মদ আরাফাত বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর নাইল্যাছড়ি একতা বন্ধু সংগঠনের এই মানবিক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতেও তারা শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশা করি।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়। পরে সংগঠন, মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


