সোমবার, ১০ আগস্ট ২০২৬, ঢাকা

খেলাধুলা

কক্সবাজারে রামুতে ‘অমর ৩৬ জুলাই’র ম্যারাথন অনুষ্ঠিত, জুলাই যোদ্ধাদের সম্মাননা

নুর মুহাম্মদ, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের রামুতে ‘অমর ৩৬ জুলাই’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড়। ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) ভোর ৬টায় রামু চৌমুহনী থেকে ম্যারাথনটি শুরু হয়।

ম্যারাথনটি রামু চৌমুহনী থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে রাজারকুল ফরেস্টার অফিস এলাকা ঘুরে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন গান পরিবেশন করেন এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে পুরো পথ মুখরিত করে তোলেন।

সংগঠনের সমন্বয়কারী মহিউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ. ন. ম. হারুন, কক্সবাজার জেলা রাজবন্দী অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ও রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাঈনুর রশিদ, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম এবং গেজেটেড জুলাই যোদ্ধা আবুল কালাম আযাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক মাইলফলক। ২০২৪ সালের ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণআন্দোলনের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।

তারা আরও বলেন, শারীরিক ও মানসিকভাবে সুদৃঢ় তরুণ সমাজই দেশকে যেকোনো অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রক্ষা করতে পারে। তাই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ নাগরিক গড়ে তোলার আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ম্যারাথনে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।