মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গিলাবাড়ী এলাকায় মহানন্দা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে ৪৫টি চায়না দুয়ারী জাল উত্তোলন করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধ্বংস করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভোলাহাট থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।