সন্ত্রাস-মাদক-চুরিতে রাঙামাটিতে পুলিশের অভিযান, আটক ৯

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন কিশোর রয়েছে। অপর এক কিশোরসহ দুজনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের অভিযোগে মোহাম্মদ জুনায়েদ (৩১), মো. ইব্রাহিম খলিল (২৩) ও মো. হৃদয় (২৪)কে আটক করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ জুনায়েদ রাঙামাটি কোতয়ালী থানাধীন ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া চুরি সংগঠনের অভিযোগে মো. রাকিব (২০)কে আটক করা হয়।
মাদক সেবনের অভিযোগে জেকিসন তংচঙ্গা (২৯) ও পবিত্র চাকমা (২৭)কে এবং মাদক কারবারের অভিযোগে মো. জাহিদ (২০)কে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ১৬ বছর বয়সী এক কিশোরকে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়। এছাড়া মো. ইউসুফ (২৬) নামের আরেক ব্যক্তিকে তার স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানানোর পর আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক কিশোর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে


