লামায় রিকশা চালক সমবায় সমিতিকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান):
বান্দরবানের লামায় “লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লি:” (রেজিঃ নং-০৪ বা/বান)-এর বিরুদ্ধে অপপ্রচার এবং সংগঠনকে বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সমিতির সভাপতি বাদশা মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মোজাম্মেল হক।
লিখিত বক্তব্যে সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী বৈধ ও নিবন্ধিত কমিটি থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অবৈধভাবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দাবি করে আসছে। তাদের দাবি, এ নিয়ে সংগঠনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সাধারণ সদস্যদের মাঝে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, ওই মহলটি লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, রিকশা চালকদের স্বার্থ ও কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি। একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, সংগঠনের বৈধ কমিটি ও গঠনতান্ত্রিক কার্যক্রম নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে তা যথাযথ নিয়ম ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি করা কাম্য নয়।
সমিতির সভাপতি বাদশা মিয়া বলেন, “ষড়যন্ত্র করে কেউ আমাদের পথচলা রুদ্ধ করতে পারবে না।” তিনি বলেন, সংগঠনের ঐতিহ্য ও সদস্যদের স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। একই সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজকে সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য ও স্থানীয় সচেতন মহলের প্রতি যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের কাল্পনিক, ভিত্তিহীন বা বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।
এ সময় লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


