মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

Uncategorized

‘বান্দরবান ছোট হলেও অপরূপ, রক্ষা করতে হবে এর রূপ ও পরিচ্ছন্নতা’: সাচিং প্রু

নজরুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি:

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার নতুন রূপরেখা তুলে ধরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেছেন, “বান্দরবান আয়তনে ছোট হলেও এর রূপ অপরূপ। স্থানীয় রাজনৈতিক দল, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত ও সমন্বিত অংশগ্রহণ থাকলে এই শহরের সৌন্দর্য বজায় রাখা কোনো কঠিন কাজ নয়।”

রোববার (২৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শহরের যানজট নিরসনের নির্দেশ দেন মন্ত্রী। সেই সঙ্গে পর্যটকদের সাথে স্থানীয় অধিবাসীদের আরও মানবিক, পরিশীলিত ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

শহরের নান্দনিকতা বজায় রাখতে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানিয়ে সাচিং প্রু বলেন, প্রতিটি বাসাবাড়ি থেকে শুরু করে পুরো শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা ও গতি আনতে পারস্পরিক সমন্বয় ও জবাবদিহিতা প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।

পার্বত্য অঞ্চলের অর্থনীতি চাঙ্গা করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তিনি বলেন, পাহাড়ে অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আনতে হবে। বিশেষ করে বান্দরবানের মাটিতে কফি ও কাজুবাদাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষকদের এসব অর্থকরী ফসল চাষে উৎসাহিত করতে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে কাজের নির্দেশ দেন তিনি।

পার্বত্য অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে প্রাকৃতিক উৎস—যেমন বৃষ্টি, ঝিরি, নদী ও লেকের পানি সংরক্ষণে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন মন্ত্রী। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশি-বিদেশি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) কেবল কাগজে-কলমে নয়, বাস্তবে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পর্যটন খাতের অংশীজনেরা উপস্থিত থেকে বান্দরবানকে পর্যটনবান্ধব করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।