অসহায় শিক্ষার্থীর এক বছরের পড়াশোনার দায়িত্ব নিলেন ক্রিকেটার এহেমার হোসেন রাজা

রনি বসু ময়মনসিংহ
অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজদ্বীব পালের। তার বাবা-মা দুজনই প্যারালাইসিসে আক্রান্ত। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন এহেমার হোসেন রাজা। তিনি রাজদ্বীবের এক বছরের পড়াশোনার যাবতীয় খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
রাজদ্বীব পাল ময়মনসিংহ নগরীর বাগমারা এলাকার বাসিন্দা এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাবা-মা দুজনই অসুস্থ থাকায় পরিবারের আর্থিক সংকটের মধ্যে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে এগিয়ে আসেন এহেমার হোসেন রাজা।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে প্রধান শিক্ষক চাঁন মিয়ার হাতে রাজদ্বীবের পড়াশোনার জন্য নগদ অর্থ তুলে দেন এহেমার হোসেন রাজা। এর মাধ্যমে পরীক্ষার ফিসহ শিক্ষার্থীর এক বছরের পড়াশোনার প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব নেন তিনি।
এ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা থেমে না যায়, সেই বার্তাই দিয়েছেন এহেমার হোসেন রাজা। তার এ মানবিক উদ্যোগে শিক্ষার্থী রাজদ্বীবের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ কিছুটা সহজ হলো।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। অসচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে না, বরং সমাজের অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।


