মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

আজমুল হত্যার বিচার দাবিতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাহিম ইসলাম,খুলনা জেলা প্রতিনিধি:

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর এম এ বারী সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং পরে মিছিল বের করেন।

বিক্ষোভকারীরা আজমুলের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীতে মসজিদ গলির একটি ভবনে আজমুলের মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মেসে মিল না দিয়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে আজমুলকে মারধর করা হয় এবং পরে ভবনের চতুর্থ তলা থেকে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

পরে দুপুর সাড়ে ১টার দিকে কর্মসূচি শেষ হয়।