শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

রাজনীতি

সাতকানিয়ায় দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন সৌদি প্রবাসী আলহাজ্ব জয়নাল আবেদিন

এইচ এম আবদুল্লাহ, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদের নতুনভাবে নির্মাণাধীন স্থান পরিদর্শন করেছেন সাতকানিয়ার মাদার্শার কৃতি সন্তান ও বিশিষ্ট সৌদি প্রবাসী আলহাজ্ব জয়নাল আবেদিন এবং মো. শহিদুল ইসলাম।

শুক্রবার পরিদর্শনের সময় অতিথিরা মসজিদের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তারা আল্লাহর ঘর নির্মাণের এই উদ্যোগকে একটি মহৎ ও সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে আলহাজ্ব জয়নাল আবেদিন তার অনুভূতির কথা প্রকাশ করে বলেন, “এই মসজিদের সম্মানিত খতিব জনাব ইসমাইল শহিদ আমার ওস্তাদ। তিনি আমাদের এলাকায় আছেন—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তাছাড়া এই এলাকায় আমার নানার বাড়ি হওয়ায় জায়গাটির সঙ্গে আমার এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। তাই মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ, মসজিদের নির্মাণকাজে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”

তিনি আরও বলেন, মসজিদটি একটি সুন্দর ও পূর্ণাঙ্গ রূপ দিয়ে নির্মাণ করতে এলাকার বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত সহযোগিতায় দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদটি এলাকার একটি দৃষ্টিনন্দন ও দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার সাহেব। অনুষ্ঠান শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মসজিদ কমিটির পক্ষ থেকে অতিথিদের আগমন, আন্তরিকতা এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।