রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

শিক্ষা

পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ আলী আজম, পেকুয়া

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে সামাজিক ও সেবামূলক সংগঠন আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে রাজাখালীর ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত ২২০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্স, স্কেল ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রাজাখালী ফৈজুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এবং দুপুর ১২ ঘটিকায় রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আলী জাফর সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব এজেএম গিয়াসুদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী জনাব ইঞ্জিনিয়ার আবদুল করিম। আবদুর রহিম হালাী ও এসএম আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, চট্টগ্রাম স্কয়ারের এমডি ডা. আতিকুর রহমান, চট্টগ্রাম সরকারী সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমির হক মুহাম্মদ আবুল হোছাইন, রাজাখালী বিইউআই কামিল (মাস্টার্স) মাদ্রারাসার উপাধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহেদ উল্লাহ, এডভোকেট হুমায়ুন কবির, মাস্টার সরওয়ার আলম, মাস্টার কাইছার উদ্দিন, মাস্টার আব্বাস উদ্দিন আযাদ ও মাওলানা আবদুল করিম প্রমুখ ।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীসমাজ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এজেএম গিয়াসুদ্দীন চৌধুরী বলেন, “শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহিত করতে আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত।”

সভাপতির বক্তব্যে আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আলী জাফর সাদেক বলেন, “আমাদের অঞ্চলের কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে বা শিক্ষা উপকরণের অভাবে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

 

স্বাস্থ্যসেবা, ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র, ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। নতুন শিক্ষা উপকরণ পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।