রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

জাতীয়

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন মিনহাজ মুরশীদ

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান এবং সেখানে চলমান প্রাথমিক পর্যায়ের মাটি কাটার কাজ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ।

মঙ্গলবার (২৮ জুলাই) তিনি বিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মনোতোষ চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান হৃদওয়ান, সফরসঙ্গী মো. নজরুল ইসলাম এবং প্রকল্পের ঠিকাদার মো. সিরাজুল মোস্তফা।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা পরিষদ সদস্য মো. মিনহাজ মুরশীদ বলেন, “একটি এলাকার টেকসই উন্নয়নের ভিত্তি শিক্ষা। কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার আরও ভালো সুযোগ পাবে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।”
পরে তিনি কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।