কেএমপিতে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধন

ফাহিম ইসলাম-খুলনা জেলা প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় নগরীর বয়রা পুলিশ লাইন্স মাঠে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
চ্যাম্পিয়নশিপে কেএমপির আওতাধীন ৮টি থানা এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, তরুণদের মধ্যে ইতিবাচক জাগরণ সৃষ্টি করতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনায় বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য তরুণদের ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চ্যাম্পিয়নশিপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, স্পন্সর ও সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ কমিশনার। একই সঙ্গে মাঠ সজ্জা, খেলোয়াড়দের আনা-নেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান তিনি। টুর্নামেন্টটি সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্—ভারপ্রাপ্ত)সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।


