বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

রাজনীতি

পারিবারিক বিরোধে আপন ফুফুর হাতে ৪ বছরের শিশু খুন

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পারিবারিক বিরোধের জেরে ৪ বছরের ভাতিজিকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে আপন ফুফুর বিরুদ্ধে। সোমবার বিকেলে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​এ ঘটনায় অভিযুক্ত ফুফু নারগিস আক্তার ওরফে নারগিস সুলতানা কচিকে আটক করেছে পুলিশ। নিহত শিশু তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে তাইফা সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার একপর্যায়ে ফুফু নারগিস সুলতানা কচির ঘরে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, আটক নারগিস সুলতানা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, আটক নারগিস সুলতানা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে গলা টিপে হত্যার দায় স্বীকার করেছেন। লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।