শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

বটিয়াঘাটায় ব্যবসায়ীকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, বাড়ি-দোকানে হামলা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা বাজারে এক ব্যবসায়ীকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবির পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরে রাতের আঁধারে ওই ব্যবসায়ীর বাড়ি ও দোকানের বেড়া কেটে তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা ও বটিয়াঘাটা বাজারের মঙ্গলী মার্কেটের মুদি দোকানি মোয়াজ্জেম হোসেন (৩৮) গত ২৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো দোকানে যান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ০৯৬৩৮৫২০১০৯ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন আসে। ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি রাতের মধ্যে ৫ লাখ টাকা দেওয়ার দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা না দিলে সুযোগ পেলে ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তার আশঙ্কায় তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থেকে অন্যত্র অবস্থান করছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এরপর ২৪ সেপ্টেম্বর রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তার বাড়ি ও বাড়ির সঙ্গে থাকা দোকানের বেড়া দা দিয়ে কুপিয়ে কেটে তছনছ করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মন্টু হাওলাদার নামে এক ব্যক্তি ফোন করে তাকে ঘটনাটি জানান। পরে বিষয়টি জানতে পেরে মোয়াজ্জেম হোসেন বটিয়াঘাটা থানায় গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বটিয়াঘাটা থানার পুলিশের কাছে আবেদন করেছেন ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন।