শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

শিক্ষা

আহছানউল্লাহ কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান মনা

 ফাহিম ইসলাম-খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর আহছানউল্লাহ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম শফিকুল আলম মনা বলেন, জীবন গঠনে কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে কলেজজীবন শিক্ষার্থীদের সামনে জ্ঞান ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে। উচ্চশিক্ষা শুধু বই মুখস্থ করে ভালো ফলাফল অর্জনের বিষয় নয়; বরং নিজেকে একজন মানবিক, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলারও সুযোগ।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান, আহছানউল্লাহ কলেজের গভর্নিং বডির সদস্য এবং দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কে এম আশরাফুল আলম নান্নু। l

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।