খুলনায় আজমুল হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন ওরফে আযম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তারেক হাসান ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডের খাজা হল গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারেক হাসান ওরফে রুবেল হরিণটানা থানার খানজাহান নগর এলাকার বাসিন্দা এবং লাল মিয়ার ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, আজমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন ওরফে আযমকে পিটিয়ে হত্যার ঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


