মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

অর্থনীতি

লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত।

নজরুল ইসলাম, লামা,প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের রুইজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হইয়াছে। উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে লামা থানা পুকুর, উপজেলা কৃষি অফিস পুকুর, উপজেলা আনসার-ভিডিপি অফিস পুকুরসহ উপজেলার মোট ৫০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবূজ বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে একদিকে যেমন দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তায়ও এর সুফল পাওয়া সম্ভব।

মৎস্য অধিদপ্তরের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকিলে লামা উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণে আরও গতি আসিবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।