পাহাড়ে তুহিনদের খামারে অপ্রতিমকে মারধর করা হয়, উঠে এলো আরও রোমহর্ষক তথ্য

স্থানীয়রা জানায়, তুহিন মোবাইল, মোটরসাইকেল ছিনতাইসহ কোটবাড়ী-শালবন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ছিনতাই চক্রে জড়িত ছিলেন।
তিনি নিজে একটি কিশোর গ্যাংয়ের সদস্য। দীর্ঘদিন ধরে তার এসব কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। প্রভাবশালী কয়েকজনের ছত্রচ্ছায়ায় থাকায় ভয়ে তাকে কেউ কিছু বলত না।
আটক তুহিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার মো. নুরুল আলমের ছেলে। তিনি কুমিল্লা গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। তবে সে বছর এসএসসি পরীক্ষায় অংশ নেননি তিনি।
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিকেলে তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস এবং ফাহিম আহমেদ নামের আরো দুজনকে আটক করা হয়। তাদের এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের আওতায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শনিবার রাতে আসাদুল্লাহ সোহাগ নামের এক ভুক্তভোগী নিজের ফেসবুকে অভিযোগের একটি কপি পোস্ট করে তুহিনের চুরির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেন। অভিযোগের ওই কপিতে দেখা গেছে, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগট দিয়েছিলেন ভুক্তভোগী আসাদুল্লাহ সোহাগের পক্ষে তার মা মরিয়ম আক্তার।
তিনি আরো লিখেছেন, ‘আমার বাইক চুরি হয়েছে, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি মনে করি ছোট অপরাধে পার পেয়ে গেলে অপরাধীরা পরবর্তী সময়ে বড় অপরাধ করার সাহস পায়। সেদিন যে নেতার পাওয়ার দেখাইয়া তাকে আইন থেকে বাঁচিয়ে রেখেছিলেন আজ তাকে কিভাবে বাঁচাবেন?’
কোটবাড়ী সান্দনা এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোটবাড়ী শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে ‘ফ্লাইং বার্ড’ ও ‘কিংস অব কোটবাড়ী’ ‘গ্যাং র্যাপ’সহ একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এসব কিশোর গ্যাংয়ের প্রায় শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। তারা বিভিন্ন সময়ে পর্যটক ও স্থানীয়দের বিভিন্ন টাকা-পয়সা, মোবাইল, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল ছিনতাই করে। তুহিনের নিজের একটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। পাহাড়ের টিলার ওপরে তুহিনদের একটি খামার রয়েছে, ওই খামারেই অপ্রিতমকে পেটানো হয়েছিল। এই ঘটনা অনেকেই দেখেছে কিন্তু তুহিনের ভয়ে কেউ মুখ খুলছে না।’
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্তি পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘পুরো ঘটনার বিস্তারিত রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরবেন কুমিল্লা পুলিশ সুপার মহোদয়’। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।


