লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের জন্য রেড ক্রিসেন্টের তথ্য সংগ্রহ শুরু

নজরুল ইসলাম-লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২০২৬ সালের বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলার ৫০০ পরিবারের মাঝে জনপ্রতি ৮ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) লামা উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগত তিনজন মনিটরিং কর্মকর্তা, সাংবাদিক নজরুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা, যুব প্রধান এবং ১৮ জন রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক। পুরো কার্যক্রমটি বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান থানজামা লুসাইয়ের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হচ্ছে।
সভায় জানানো হয়, এ কর্মসূচির আওতায় লামা পৌরসভার ৩৫০টি এবং লামা সদর ইউনিয়নের ১৫০টিসহ মোট ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে জনপ্রতি ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “অতীতে বিভিন্ন এনজিও বা সংস্থার কাছ থেকে যারা আর্থিক সহায়তা পেয়েছেন, তারা যেন পুনরায় একই ধরনের সহায়তা না পান, সে বিষয়টি নিশ্চিত করতে পূর্ববর্তী উপকারভোগীদের তালিকা যাচাই করে নতুন তালিকা প্রণয়ন করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়েই সহায়তা প্রদান করা হবে।”
রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় চার স্তরের যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীদের বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
সভায় উপস্থিত বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।


