রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

জাতীয়

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি শহরে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন (৫২)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের হ্যাপীর মোড় (কোর্ট বিল্ডিং এলাকা) থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, আটক নাসির উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, নাসির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

এ বিষয়ে ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, নাশকতা ও জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দমনে পুলিশ বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনের ঊর্ধ্বে কেউ নন। অপরাধের সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জনগণের সহযোগিতায় অপরাধ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ রাঙামাটি গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নাসির উদ্দিনকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে পরিচালিত হবে।