রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

ফটিকছড়িতে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিশুদের সুস্থ ও সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা প্রতিরোধ অত্যন্ত জরুরি। সরকারের এই মহতী উদ্যোগ সফল করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন মুহুরী।

বক্তারা জানান, হাম ও রুবেলা প্রাণঘাতী রোগ হতে পারে, যা সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে শতভাগ প্রতিরোধ করা সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় এই জাতীয় ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, নার্স, টিকাদান কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর পরই নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে ক্যাম্পেইনের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়।