রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

অপরাধ

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকার। গত সোমবার দুপুরের ছিনতাইয়ের ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে প্রথমে একটি অটোরিকশার গতিরোধ করে একটি মোটরসাইকেল। পরে আরও দুটি মোটরসাইকেল যোগ হয়। একটি মোটরসাইকেল থেকে এক যুবক নেমে অটোরিকশার ভেতরে বসা এক নারীর কাছ থেকে ব্যাগ টান দেন। এ সময় ওই নারীর সঙ্গে ব্যাগ নিয়ে টানাটানি হয়। শেষ পর্যন্ত ওই যুবক ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে উঠে আরেক আরোহীর সঙ্গে এলাকা ত্যাগ করেন। পরে ওই নারী অটোরিকশা থেকে নেমে মোটরসাইকেলের দিকে যান। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। বাসার পাশেই তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত সোমবার দুপুরে তিনি একটি ব্যাংক থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার উদ্দেশে ফিরছিলেন। এ ঘটনায় ওই নারী সিলেটের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ জানায়, ওই নারীর ব্যাগে নগদ ১৫ হাজার টাকা, কয়েকটি ব্যাংকের চেক বই ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী প্রথম আলোকে বলেন, ঘটনার ভিডিওচিত্র ও আরও বেশ কিছু তথ্যের সূত্র ধরে পুলিশ কাজ করছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।