রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

রাঙামাটিতে এলপিজির তীব্র সংকট, গ্যাসের আশায় দীর্ঘ লাইন

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে তীব্র আকার ধারণ করেছে এলপিজি (গ্যাস) সংকট। জ্বালানি সংকটে শহরের এলপিজি ফিলিং স্টেশনগুলোতে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। শনিবার সকালে শহরের চারটি এলপিজি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটিতে গ্যাস সরবরাহ করা হয়। এতে গ্যাস নিতে আসা অটোরিকশার সারি এক কিলোমিটার ছাড়িয়ে যায়।

সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙামাটি শহরের পাম্পগুলোতে গত কয়েক দিন ধরেই এলপিজির সরবরাহে সংকট চলছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। এতে স্বাভাবিক আয়-রোজগার ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন চলাচলেও প্রভাব পড়ছে।
চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গাড়ি চালানোও ব্যাহত হচ্ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. মহসিন বলেন, আমরা ২ হাজার লিটার এলপিজি পেয়েছি। সেখান থেকে প্রতিটি গাড়িকে ৩০০ টাকার গ্যাস দেওয়া হচ্ছে। আমাদের কাছে সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে গ্যাসের পরিমাণও সীমিত করে দিতে হচ্ছে।

চালকরা বলছেন, দ্রুত এলপিজির সরবরাহ স্বাভাবিক করা না হলে রাঙামাটির গণপরিবহন ব্যবস্থায় আরও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাই জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।