শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

শিলছড়ি আনসার ব্যাটালিয়নের ‘রাইজিং ডে’ উদযাপন

মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়ন (৩৫ বিএন)-এর ‘রাইজিং ডে’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

রাইজিং ডে উপলক্ষে ব্যাটালিয়ন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, মহাপরিচালক মহোদয়ের অনলাইন দরবার, আনুষ্ঠানিক উদ্বোধন ও পায়রা অবমুক্তকরণ, ব্যাটালিয়নের সাফল্য ও অর্জনের প্রতিবেদন পাঠসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, ব্রিগেড কমান্ডার, ৩০৫ পদাতিক ব্রিগেড, রাঙামাটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, রেঞ্জ কমান্ডার, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম।

এছাড়া অনুষ্ঠানে লে. কর্নেল কাওসার মেহেদী, অধিনায়ক, ৪১ বিজিবি, ওয়াগ্গাছড়া জোন; লে. কর্নেল রিয়াসাত রহমান, জোন কমান্ডার, ২৯ বীর, বিলাইছড়ি জোন; লে. কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, জোন কমান্ডার, ৩৮ বীর, কাপ্তাই জোন; লে. কর্নেল রাজু আহম্মেদ, জোন কমান্ডার, ১১ আরই, জীবতলী সেনানিবাসসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার-ভিডিপি ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ সময় ঘাগড়া আনসার ব্যাটালিয়ন (৬ বিএন), বড়ইছড়ি আনসার ব্যাটালিয়ন (২৩ বিএন) ও শুভলং আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম এবং কাপ্তাই থানার এসআই মোঃ শাখাওয়াত হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

রাইজিং ডে উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, অতিথিদের সম্মাননা ও শুভেচ্ছাস্মারক প্রদান, কেক কাটা, মধ্যাহ্নভোজ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানকে ঘিরে ব্যাটালিয়ন প্রাঙ্গণে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ, অতিথিদের বসার ব্যবস্থা ও অভ্যর্থনা পর্ব। দিনব্যাপী এ আয়োজনে ব্যাটালিয়ন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংশ্লিষ্টরা জানান, ‘রাইজিং ডে’ উপলক্ষে ব্যাটালিয়নের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানটি দিনব্যাপী চলবে।