লামায় পাহাড় কাটা, ইটভাটা ও বালু উত্তোলনের অভিযোগে তিন মামলা

নজরুল ইসলাম, লামা (বান্দরবান):
বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ, অনুমোদনবিহীন ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে লামা থানায় মামলাগুলো দায়ের করেন। বিষয়টি পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অভিযান ও পরিদর্শনের মাধ্যমে পরিবেশ আইন লঙ্ঘনের বিষয়টি শনাক্ত হওয়ার পর এসব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলাগুলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাইছড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মহরম আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলার নম্বর ২৩/২৩-০৯-২০২৬।
অন্যদিকে, ফাইতং মৌজার মেঅং কারবারী পাড়ায় ‘ইউনিক ম্যানুফ্যাকচার্স ব্রিক্স’ (U.M.B) নামে ইটভাটা পরিচালনা ও পাহাড় কাটার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর আবু জাফর আল মামুন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলার নম্বর ২১/২৩-০৯-২০২৬।
একই অভিযোগে রাইম্মাখোলা এলাকার ‘ডেভেলপমেন্ট ব্রিকস্ ম্যানুফ্যাকচারার্স’ (DBM)-এর প্রোপ্রাইটর নাজেমুল ইসলাম (নাজু)-এর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এ মামলার নম্বর ২২/২৩-০৯-২০২৬।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ পাহাড় কাটা, বালু উত্তোলন ও পরিবেশবিধি লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে আইনগত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, লামা উপজেলায় বর্ষা মৌসুমেও বিভিন্ন এলাকায় পাহাড় কাটা ও পরিবেশের ক্ষতি করে মাটি-বালু উত্তোলনের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান ও মামলা দায়েরের ফলে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


