লিভার ক্যান্সারে মৃত্যুর সঙ্গে লড়াই, বাবাকে বাঁচাতে অসহায় দুই মেয়ে।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
লিভার ক্যান্সারে আক্রান্ত মো. আরিফ হোসেনের এই আকুতি এখন শুধু তাঁর পরিবারের নয়, মানবিক সমাজের কাছেও এক গভীর আবেদন।
মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রাঙ্গামাটির মো. আরিফ হোসেন। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগতে থাকা আরিফ হোসেনের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। অসুস্থতার কারণে তাঁর পেটে পানি জমেছে। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার।
অসুস্থ বাবার পাশে বসে থাকা দুই মেয়ের চোখে এখন শুধুই দুশ্চিন্তা আর বাবাকে হারানোর ভয়। ছোট থাকতেই তারা হারিয়েছে মাকে। সেই থেকে বাবাই তাদের একমাত্র আশ্রয়, একমাত্র পৃথিবী। অথচ সেই বাবাই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বাবাকে হারাতে চায় না দুই মেয়ে। অসহায় চোখে তারা শুধু বাবার মুখের দিকে তাকিয়ে আছে, আর প্রার্থনা করছে—বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসেন।
আরিফ হোসেনের পিতার নাম মো. আবুল কালা। বর্তমানে রাঙ্গামাটি শহরের মাত্রিমঙ্গল এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, আরিফের চিকিৎসার পেছনে দীর্ঘদিন ধরে অর্থ ব্যয় করতে হয়েছে। বর্তমানে চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে আরিফ হোসেনের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
পরিবারের আশা, সমাজের সহৃদয় মানুষগুলো এগিয়ে এলে এই সংকটাপন্ন মানুষটির চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে হয়তো বাবাকে হারানোর আশঙ্কায় থাকা দুই মেয়ের মুখেও ফিরে আসবে স্বস্তির হাসি।
মানবিক বিবেচনায় যার যার সামর্থ্য অনুযায়ী মো. আরিফ হোসেনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
