রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

আইন ও আদালত

রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে এক কৃষকের পেঁপে বাগান কেটে ধ্বংসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

শনিবার সকালে শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা দাবি করেন, চাঁদা না দেওয়ায় কৃষক খলিলুর রহমানের প্রায় ১ হাজার ৪শ ফলন্ত পেঁপেগাছ কেটে ধ্বংস করা হয়েছে। তারা এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (জেএসএস)-এর কিছু সদস্যকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান বলেন, পাঁচ বছরের জন্য লিজ নেওয়া জমিতে তিনি ১ হাজার ৮শ পেঁপেগাছ রোপণ করেছিলেন। তার অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হলেও তা না দেওয়ায় রাতের আঁধারে প্রায় ১ হাজার ৪শ গাছ কেটে ফেলা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি ক্ষতিপূরণ, জড়িতদের আইনের আওতায় আনা, লংগদুর শিবেরআগা এলাকায় পুনরায় পুলিশ ক্যাম্প স্থাপন এবং পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তবে, এ ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বাধীন যাচাইও এখনও সম্ভব হয়নি।