রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

খেলাধুলা

নতুন বাংলাদেশ গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

চট্টগ্রাম, ৯ মে : তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” আয়োজন করা হয়েছে।

শুক্রবার “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর চট্টগ্রাম জেলা পর্বের সপ্তম দিনের বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজনের মাধ্যমে দক্ষ, দেশপ্রেমিক ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তোলাই মূল লক্ষ্য। তিনি বলেন, খেলাধুলা মানুষকে চ্যালেঞ্জ গ্রহণ, পরাজয় মেনে নেওয়া এবং পুনরায় জয়ের পথে এগিয়ে যেতে শেখায়।

তিনি আরও বলেন, সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়; খেলাধুলার মাধ্যমেও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে পরিচিত করা সম্ভব। ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, মেসি, রোনালদো ও ম্যারাডোনার উদাহরণ তুলে ধরে তিনি তরুণদের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যুবসমাজকে ইতিবাচক ধারায় সম্পৃক্ত রাখে।

এদিন চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, সিজেকেএস মিলনায়তন, জিমনেসিয়াম ও সুইমিং পুলে অ্যাথলেটিক্স, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে মেডেল ও সনদ বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

অ্যাথলেটিক্সের ১০০ মিটার দৌড়ে বালক বিভাগে বায়েজিদ থানার মোহাম্মদ জাওয়াদ কাদের এবং বালিকা বিভাগে ফটিকছড়ির প্রেমা চৌধুরী দ্রুততম বালক ও বালিকার গৌরব অর্জন করেন।

এদিকে, প্রতিযোগিতার ফুটবল ও ক্রিকেটের বালক-বালিকা বিভাগের ফাইনাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।