সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ঢাকা

জাতীয়

ভ্রান্তি থেকে নবপ্রজন্মকে রক্ষায় অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্রসমাজ – মাওলানা ইয়াছিন হাবিব

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক সংগঠন সচিব, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেছেন, নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, পুঁজিবাদসহ নানা রকম ভ্রান্ত মতবাদের কবল থেকে নবপ্রজন্মকে রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালনকারী এক বিপ্লবী কাফেলা ইসলামী ছাত্রসমাজ৷ এটি প্রখ্যাত ওলামা-মশায়েখের হাতে গড়া এক ঐতিহ্যবাহী দ্বীনি ছাত্র সংগঠন।
ইখলাসের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে এ সংগঠনের ঈমানদীপ্ত কর্মসূচি বাস্তবায়নে যত্নশীল হতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনার পাশাপাশি সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কর্মতৎপরতাও অব্যাহত রাখতে হবে।

তিনি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলার নবগঠিত কর্মপরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথি বক্তব্যে নবনির্বাচিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে এ কথা বলেন।

জুমাবার (২ অক্টোবর ) বিকেলে নবনির্বাচিত জেলা সভাপতি মোরশেদ হোসাইন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি, মুহাম্মদ অলি উল্লাহ আরজু। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ যোগ্য সৈনিক ও আদর্শ নাগরিক গড়ে তোলার এক বৈপ্লবিক মিশনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। সাংগঠনিক শৃঙ্খলা, ধারাবাহিক দাওয়াতী তৎপরতা এবং পারস্পরিক সমন্বয়, সংহতি, সম্প্রীতি, সংযোগ রক্ষার মধ্যদিয়ে এ মিশনকে তরান্বিত করতে হবে।

নবনির্বাচিত জেলা সাধারণ সম্পাদক আহমদ ইয়াছিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, সদ্য বিদায়ী জেলা সহ-সভাপতি হাফেজ নুরুল আলম। নতুন দায়িত্বশীলদের মধ্যে বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসাইন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, প্রচার সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন, সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

এ অনুষ্ঠানে নব্বইয়ের দশকে দেশব্যাপী ইসলামী ছাত্রসমাজের সাংগঠনিক কর্মতৎপরতা বেগবানে সংগ্রামী ভূমিকা পালনের জন্য সাবেক সংগঠন সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সেই সাথে সদ্য সাবেক জেলা সহ-সভাপতি হাফেজ নুরুল আলমকেও সম্মাননা স্মারক দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত জেলা সভাপতি মোরশেদ হোসাইন জামিল ঈমানদীপ্ত কাফেলা ইসলামী ছাত্রসমাজের বিপ্লবী কর্মধারা বেগবান করার লক্ষ্যে দায়িত্ব পালনে দু’আ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।