শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ঢাকা

Uncategorized

লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে লামা উপজেলা পরিষদের সামনে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, লামা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, লামা উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ মাহমুদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, লামা প্রেসক্লাবের (একাংশ) সভাপতি মোহাম্মদ করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের প্রতিনিধিরা, লামা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে দক্ষতা ও কাজের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় ঘটানো গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জন সহজ হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশ নেন।