শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে রাঙামাটি সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাঙামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সফরকালে সেনাপ্রধান ক্যাম্পে অবস্থানরত সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় ও মতবিনিময় করেন এবং দুর্গম এলাকায় দায়িত্ব পালনের বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন সেনাপ্রধান।

তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধান বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নে যান। এরই ধারাবাহিকতায় তিনি বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সফরকালে রাঙামাটির দুর্গম বিলাইছড়ি ও কাপ্তাই অঞ্চলে সেনাবাহিনীর দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন সেনাপ্রধান।