শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রীসহ ১১ দালাল উদ্ধার, শীর্ষ দালালরা ধরাছোঁয়ার বাইরে

নুর মুহাম্মদ,কক্সবাজার:
সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ডুবতে থাকা একটি কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ এ অভিযান চালায়। সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে এফভি ক্রিস্টাল-১ নামে একটি মাছ ধরার নৌযান সন্দেহজনক বোটটি দেখতে পেয়ে নৌবাহিনীকে খবর দেয়।

পরে নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোটে থাকা ৭৬ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ৬৫ জন মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে প্রতারণার শিকার বলে জানিয়েছে নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও মানবিক সহায়তা দেওয়া হয়।

আটক ১১ জন ও বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।